কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

প্রতিকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় বৃষ্টিতে ভেজা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদা বেগম ওই এলাকার মোহাম্মদ ইসহাকের স্ত্রী।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান মজুমদার জানান, বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাসের সময় রাশেদা বেগম বাড়ির পাশে একটি গাছের ডাল কাটতে যান। গাছটির ওপর দিয়ে পল্লী বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইনের তার প্রসারিত ছিল। অসাবধানতাবশত একটি কাটা কাঁচা ডাল বিদ্যুতের লাইনের ওপর গিয়ে পড়ে। এতে পুরো গাছটি নিমেষেই বিদ্যুতায়িত হয়ে পড়ে এবং রাশেদা বেগম উঠানে ছিটকে পড়েন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে ওই তার মৃত্যু হয়।

নিহতের স্বামী মোহাম্মদ ইসহাক জানান, ঘরের পাশের গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রাশেদা। হঠাৎ বাইরে বিকট শব্দ শুনে ঘর থেকে বের হয়ে তিনি স্ত্রীকে উঠানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।