রাসিকে ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েটের ১৮ শিক্ষার্থী
সংগৃহীত
রাজশাহী সিটি কর্পোরেশনে (রাসিক) প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১৮ শিক্ষার্থী। রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে পাওয়া এ সুযোগের মাধ্যমে নগর ব্যবস্থাপনা, প্রকৌশল কার্যক্রম ও উন্নয়ন প্রকল্পে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন তারা।
সোমবার (১৭ আগস্ট) সকালে রাজশাহী নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপ উপলক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক মো. রবিউল ইসলাম সরকার, রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা। এ ছাড়া প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, “শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ সম্পদ। একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা অর্জন তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই রুয়েট শিক্ষার্থীদের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনে ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয়েছে।”
তিনি বলেন, “এর মাধ্যমে শিক্ষার্থীরা সিটি কর্পোরেশনের কর্মপরিবেশ, প্রকৌশল কার্যক্রম ও নগর উন্নয়ন কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। ভবিষ্যতে তাদের মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে। রাসিক শুধু নাগরিক সেবাদানকারী প্রতিষ্ঠান নয়; তরুণ প্রজন্মের জ্ঞান, দক্ষতা ও কর্মদক্ষতা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
ভবিষ্যতে রুয়েট ও রাজশাহী সিটি কর্পোরেশনের পারস্পরিক সহযোগিতা আরো সম্প্রসারিত করা এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ বৃদ্ধি করার আগ্রহের কথাও জানান তিনি।
অনুষ্ঠানে রাজশাহীকে আরো আধুনিক, পরিকল্পিত, সবুজ, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন অতিথিরা। এ সময় বর্তমান সরকারের ছয় মাসের বিভিন্ন কার্যক্রম ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা রূপরেখার প্রসঙ্গেও আলোচনা করা হয়। সরকার দায়িত্ব গ্রহণের পর ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ এবং ইমাম-মোয়াজ্জিনদের সম্মানী ভাতাসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন করেছে বলেও উল্লেখ করা হয়।
ইন্টার্নশিপ প্রসঙ্গে রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক মো. রবিউল ইসলাম সরকার বলেন, “আজকের দিনটি রুয়েট ও রাজশাহী সিটি কর্পোরেশন উভয়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের শুভ সূচনা হলো। সুযোগ্য সিটি প্রশাসক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগেই এটি সম্ভব হয়েছে। ইতোপূর্বে দায়িত্বে থাকা অনেকের প্রশাসকের সময় শিক্ষার্থীরা এ ধরনের সুযোগ পাননি। আশা করি, রাসিকের এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দেওয়ায় রুয়েটের পক্ষ থেকে রাসিক প্রশাসককে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।