জাল নোটসহ স্বামীকে ধরিয়ে দিলেন স্ত্রী

জাল নোটসহ স্বামীকে ধরিয়ে দিলেন স্ত্রী

সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় স্ত্রীকে জাল নোটের ব্যবসায় যোগ দিতে চাপ প্রয়োগের পরও রাজি না হওয়ায় মারধরের কারণে ২৭ হাজার টাকার জাল নোটসহ স্বামী শাহ আলমকে (৩৯) পুলিশে ধরিয়ে দিলেন স্ত্রী।

গতকাল সোমবার (১৭ আগস্ট) বিকালে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব হাজারবিঘা এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার শাহ আলম একই এলাকার ফেরদৌস আহমদের পুত্র। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় জাল নোট সংক্রান্ত দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, গ্রেপ্তার শাহ আলম তার জাল নোটের ব্যবসার যোগ দিতে স্ত্রী জান্নাত আরা বেগমকে দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগ করে আসছিল। তারই প্রেক্ষিতে, সোমবার দুপুরে তাদের মধ্যে বাগবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে স্ত্রী জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে লোহাগাড়া থানার এসআই আজিজুল হাকিম লিটন ঘটনাস্থলে উপস্থিত হন। ওই সময় স্ত্রী ৫০০ টাকার ৫৪টি জাল নোটসহ তার স্বামীকে ধরিয়ে দেন।

​লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ বলেন, গ্রেপ্তার শাহ আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় জাল নোট সংক্রান্ত দুটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু শেষে মঙ্গলবার (১৮ আগস্ট) আদালতের নিকট সোপর্দ করা হবে।