দীর্ঘ সময় পর ‘জান্নাত’ সিনেমা ও ইমরান হাশমিকে ঘিরে নতুন করে জল্পনা

দীর্ঘ সময় পর ‘জান্নাত’ সিনেমা ও ইমরান হাশমিকে ঘিরে নতুন করে জল্পনা

ছবিঃ সংগৃহীত।

বলিউড অভিনেতা ইমরান হাশমির জনপ্রিয় সিনেমা ‘জান্নাত’ নিয়ে নতুন খবর সামনে এসেছে। দীর্ঘ ১৮ বছর পর এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। প্রযোজক বিশেষ ভাট জানিয়েছেন, ‘জান্নাত ৩’-এর গল্প ও চিত্রনাট্য তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

২০০৮ সালে মুক্তি পেয়েছিল ‘জান্নাত’। কুণাল দেশমুখ পরিচালিত এবং মুকেশ ভাট প্রযোজিত সিনেমাটিতে ইমরান হাশমির বিপরীতে অভিনয় করেন সোনাল চৌহান। প্রেম, অপরাধজগৎ ও দ্রুত অর্থবিত্তের আকাঙ্ক্ষাকে ঘিরে নির্মিত সিনেমাটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। সিনেমাটির গানও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘জান্নাত ৩’ নিয়ে কথা বলেন প্রযোজক বিশেষ ভাট। তিনি জানান, ‘আওয়ারাপন ২’-এর পর ‘জান্নাত’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তবে সিনেমাটির চিত্রনাট্য এখনো চূড়ান্ত হয়নি। সেটি তৈরির কাজ চলছে। 

এর আগে ২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘জান্নাত ২’। প্রথম সিনেমার মতো দ্বিতীয় কিস্তিতেও ইমরান হাশমি অভিনয় করেছিলেন। তার সঙ্গে ছিলেন রণদীপ হুডা ও এষা গুপ্তা।

এদিকে ‘জান্নাত ৩’ নির্মাণের খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে নতুন সিনেমায় ইমরান হাশমি থাকবেন কি না, কিংবা থাকলেও কোন চরিত্রে দেখা যাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে তৃতীয় কিস্তিতে দর্শকদের জন্য কী চমক থাকছে, সেটিই এখন দেখার বিষয়।