রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে তেল চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন
ভিডিও থেকে সংগৃহীত
রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে তেল চুরির ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তদন্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ।
তিনি জানান, চলন্ত ট্রেন থেকে তেল চুরি হয়েছে, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে। কি ঘটেছে সেটি নিশ্চিত হতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রাজশাহীর হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে মঙ্গলবার সকাল ১০টার দিকে ‘ঢাকা মেইল সিক্স ডাউন’ ট্রেনের পেছনে ঈশ্বরদীতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে জুড়ে দেওয়া ওয়াগন থেকে ওয়েম্যানসহ সাতজন তেল চুরি করে। বিষয়টি পশ্চিমাঞ্চল রেলওয়ের কন্টোল রুমের নজরে এসেছে।
হরিয়ান রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ঢাকাগামী ট্রেনগুলোর পাওয়ারকারে তেল দেওয়া জন্য ওয়াগনগুলো নিয়ে আসা হয়েছিল। তেল দেওয়া শেষে দুটি ওয়াগন ঢাকা মেইল সিক্স ডাউন ট্রেনে জুড়ে দেওয়া হয়। সেগুলো আবার ঈশ্বরদীতে নিয়ে যাওয়া হচ্ছিল। লোকাল ট্রেন হওয়ার কারণে হরিয়ান স্টেশনে যাত্রা বিরতি দেয়। যাত্রার মাত্র তিন মিনিট সময়ে ওয়াগনগুলোর মধ্যে নেমে তেল চুরির ঘটনা ঘটে। তবে কতটুকু তেল চুরি হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি।