ইবির আবরার ফাহাদ হলে সিটের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
সংগৃহীত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনির্মিত শহীদ আবরার ফাহাদ হলে সিট বরাদ্দের দাবিতে মানববন্ধন করেছেন ‘ডি’ ইউনিটভুক্ত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। পরে উপাচার্যের কাছে স্মারকলিপি দিলে ডি ইউনিটের চার বিভাগে ২৫টি করে মোট ১০০টি আসন বরাদ্দের আশ্বাস দেন উপাচার্য অধ্যাপক এ কে এম মতিনুর রহমান।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে আবাসিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে সবার সমান সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। হল সংযুক্তির ক্ষেত্রে বৈষম্যের কারণে অনেক শিক্ষার্থী আবাসন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ সময় শহীদ আবরার ফাহাদ হলে বৈষম্য নিরসন এবং যোগ্যতা ও ন্যায্যতার ভিত্তিতে হল সংযুক্তির দাবি জানান তারা।
পরে শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করে উপাচার্য অধ্যাপক এ কে এম মতিনুর রহমান ডি ইউনিটভুক্ত চারটি বিভাগে ২৫টি করে মোট ১০০টি আসন বরাদ্দের আশ্বাস দেন।
উপাচার্য অধ্যাপক মতিনুর রহমান বলেন, “আবরার হলের একটা ব্লকে ৫০০ ক্যাপাসিটি। আমরা ৪০০ শিক্ষার্থীর বরাদ্দ দিয়েছি, সিট দেয়নি। আর ১০০ ফাঁকা আছে। প্রভোস্ট কাউন্সিলের সভাপতিকে বলেছি, ডি ইউনিটভুক্ত চার বিভাগ থেকে পছন্দক্রম পূরণ করে ১০০ জনকে ওখানে অ্যাটাচমেন্ট দিতে৷ আমি আগেই নির্দেশনা দিয়েছি। প্রভোস্ট কাউন্সিল হয়তো বুঝতে পারে নি।”