চাকরির প্রস্তুতিতে নারী শিক্ষার্থীদের জন্য হলগুলোতে বই দিল চাকসু

চাকরির প্রস্তুতিতে নারী শিক্ষার্থীদের জন্য হলগুলোতে বই দিল চাকসু

সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী হলগুলোর সেমিনার কক্ষ সমৃদ্ধ করতে ৬০ হাজার টাকা ব্যয়ে চাকরির প্রস্তুতিমূলক বই দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রী প্রতিনিধিদের কাছে বইগুলো তুলে দেন চাকসুর সভাপতি ও উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান।

এ সময় অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান বলেন, “চাকসুকে আমরা কখনোই প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখিনি, বরং সহযোগী হিসেবে দেখি। চাকসু ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই আমরা আজ এ পর্যন্ত এগিয়ে এসেছি। আমরা দায়িত্ব নেওয়ার পর চাকসুতে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।”

তিনি আরো বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রসংগঠন ও শিক্ষার্থীর মতপ্রকাশ ও অধিকার নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে আমাদের এই মেলবন্ধন অটুট রাখতে চাই।”

চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সফিকুল ইসলাম বলেন, “আমাদের বর্তমান শিক্ষার্থীরা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে, বই পড়ার কথা ভুলে গেছে। বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বইয়ের দিকে ফিরে আসতে হবে।”

চবির বেগম খালেদা জিয়া হল ছাত্রসংসদের ভিপি সুমাইয়া নুসরাত বলেন, “১ম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের শুরু থেকেই শিক্ষার্থীরা যেন পরিকল্পিত ও গোছালো চাকরির প্রস্তুতি নিতে পারে, তাদের জন্য বিষয়গুলো সহজ হয়। তাই চাকসু বই প্রদান করেছে।”

বই প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সফিকুল ইসলাম, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, শামসুন নাহার হলের প্রভোস্ট অধ্যাপক ইসমত আরা। এছাড়া, উপস্থিত ছিলেন চাকসু জিএস সাইদ বিন হাবিব, এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতাসহ চাকসু ও ছাত্র হল সংসদের প্রতিনিধিরা।