সুপ্রিম কোর্টের নির্দেশে দীর্ঘ ৯ মাস পর পরিবারের সাথে সাক্ষাত করলেন ইমরান খান

সুপ্রিম কোর্টের নির্দেশে দীর্ঘ ৯ মাস পর পরিবারের সাথে সাক্ষাত করলেন ইমরান খান

ছবিঃ সংগৃহীত।

দীর্ঘ নয় মাস পর অবশেষে বোন ও স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। পরিবারের উদ্বেগের মধ্যে দেশটির সুপ্রিম কোর্ট সপ্তাহে একদিন পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়ার পর রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে এই সাক্ষাৎ হয়।

খবর সামা টিভি অনলাইন ও পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে প্রথমবারের মতো ইমরান খানের সঙ্গে দেখা করেন তার বোন নোরিন নিয়াজি। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী কারাগারের কনফারেন্স রুমে প্রায় ১৫ মিনিট স্থায়ী হয় তাদের সাক্ষাৎ।

সাক্ষাতে ইমরানের শারীরিক অবস্থা ও সাম্প্রতিক চিকিৎসা নিয়ে আলোচনা হয়। এ সময় নোরিন নিয়াজি তাকে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ আদেশের বিষয়েও অবহিত করেন। ওই আদেশে শারীরিক পরীক্ষার জন্য ইমরান খানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে সাক্ষাৎ শেষে রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করেননি নোরিন। এর আগে সুপ্রিম কোর্ট সতর্ক করে দিয়েছিল, সাক্ষাতের সুযোগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হলে এই সুবিধা বাতিল করা হতে পারে।

নিরাপত্তাজনিত কারণে ইমরানের অন্য দুই বোন আলিমা খান ও উজমা খান এবং ফুফাতো ভাই কাসিম জামানকে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। পিটিআইয়ের কোনো রাজনৈতিক নেতাকেও কারাগারে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

এদিকে বোনের সঙ্গে সাক্ষাতের পর পৃথকভাবে স্ত্রী বুশরা বিবির সঙ্গেও দেখা করেন ইমরান খান। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের তথ্যমতে, একই কনফারেন্স রুমে তাদের সাক্ষাৎ প্রায় ৩৫ মিনিট স্থায়ী হয়।

একই কারাগারে বন্দী বুশরা বিবিও দীর্ঘদিন পর তার আগের সংসারের সন্তান মুসা, মুবাশশারা মানেকা ও জা মেহেরুন্নেসার সঙ্গে প্রায় ৪০ মিনিট সময় কাটান।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে একাধিক মামলায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন ৭২ বছর বয়সী ইমরান খান। বর্তমানে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তিনি ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে সুপ্রিম কোর্ট দুই দিনের মধ্যে তাকে শিফা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেয়। আগামী ১৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি পর্যন্ত সেখানে তার চিকিৎসা চলার কথা রয়েছে।