ইরানের সঙ্গে সব বাণিজ্য স্থগিত করল সংযুক্ত আরব আমিরাত
ছবিঃ সংগৃহীত।
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান দ্বন্দ্বকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এর মধ্যেই ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
মঙ্গলবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
প্রতিবেদন অনুযায়ী, পারস্য উপসাগরে নৌ চলাচলের পথ লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগকে বাণিজ্য স্থগিতের কারণ হিসেবে উল্লেখ করেছে আমিরাত।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ইরান থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি শনাক্ত করে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র সংযুক্ত আরব আমিরাতের আঞ্চলিক পানিসীমার বাইরে এবং অপরটি পানিসীমার ভেতরে গিয়ে পড়ে।
পরবর্তী মূল্যায়নে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, ক্ষেপণাস্ত্র দুটি মূলত সমুদ্রপথে নৌ চলাচলকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। পরে সেগুলো সাগরে গিয়ে আছড়ে পড়ে।
ঘটনার আগে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে মোবাইল ফোনে নাগরিকদের সতর্কবার্তাও পাঠিয়েছিল আমিরাত কর্তৃপক্ষ। তবে পরিস্থিতি পর্যালোচনার পর দ্রুত সেই সতর্কবার্তা প্রত্যাহার করা হয়।
তবে আমিরাতের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আমিরাতের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ দ্ব্যর্থহীনভাবে অস্বীকার করেন।
বাঘাই বলেন, সংযুক্ত আরব আমিরাতের এমন অভিযোগ প্রতিবেশীসুলভ আচরণের মূলনীতির পরিপন্থী। এ ধরনের বক্তব্য আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা বাড়ানো এবং অস্থিতিশীলতা রোধে চলমান প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে।
একই সঙ্গে ইরানকে কেন্দ্র করে এ ধরনের ‘ভিত্তিহীন অভিযোগ’ থেকে বিরত থাকতে আঞ্চলিক সরকারগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।