অনুমোদনহীন স্লিপার বাস তৈরির দায়ে ৫ গ্যারেজকে জরিমান
ফাইল ছবি
অনুমোদনহীন স্লিপার বাস তৈরি ও মেরামত এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নিবন্ধন না থাকার অপরাধে পাঁচটি বডি বিল্ডিং গ্যারেজকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার রাজধানীর যাত্রাবাড়ীর সামির মৃধা জামে মসজিদ সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে এ জরিমানা করে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত-৫।
অভিযানে হাফিজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, জিসান/নুসরাত অটোমোবাইল, আবদুল্লাহ বডি বিল্ডার্স, এ আর মটরস ও তাব্বাসুম মটরসকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকরা ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না মর্মে অঙ্গীকারনামা দেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হাই অভিযান শেষে সাংবাদিকদের জানান, অবৈধ ও অনিবন্ধিত গ্যারেজ ও ওয়ার্কশপের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে অনুমোদন ছাড়া বাসের কাঠামো পরিবর্তন, যাত্রীবাহী যানবাহনে অননুমোদিত স্লিপার কোচের কাঠামো তৈরি এবং এসব যানবাহন সড়কে চলাচলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে অনুমোদনহীনভাবে যানবাহনের কাঠামো পরিবর্তন ও স্লিপার কোচ তৈরির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।