পরিবেশ ছাড়পত্রের মেয়াদ শেষেও জাহাজ কাটায় ৫ লাখ টাকা জরিমানা

পরিবেশ ছাড়পত্রের মেয়াদ শেষেও জাহাজ কাটায় ৫ লাখ টাকা জরিমানা

ফাইল ছবি

 

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি উপকূলে পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ শেষ হওয়ার পরও জাহাজ কাটার কাজ চালিয়ে যাওয়ায় ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (১৯ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের শুনানিতে অভিযুক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপস্থিতিতে এ জরিমানা করা হয়। একই সঙ্গে ছাড়পত্র নবায়ন না হওয়া পর্যন্ত ইয়ার্ডে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন জানান, এমটি রাসি জাহাজটি কাটার জন্য ইয়ার্ডটিকে দেওয়া পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ ছিল ১২ আগস্ট পর্যন্ত। এর মধ্যে ১৪ আগস্ট দুর্ঘটনায় জাহাজটির ব্যালাস্ট ট্যাংকে বিষাক্ত গ্যাসের উপস্থিতির অভিযোগে নয়জনের মৃত্যু হয়।

পরে ইয়ার্ড পরিদর্শন ও তথ্য পর্যালোচনা করে দেখা যায়, দুর্ঘটনার দুই দিন আগেই পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ শেষ হয়েছিল। বিষয়টি জানার পর ইয়ার্ড কর্তৃপক্ষকে শুনানিতে ডাকা হয়। শুনানি শেষে পরিবেশগত ক্ষয়ক্ষতি মূল্যায়ন পদ্ধতিতে প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পাঁচ দিন পার হলেও এমটি রাসি জাহাজে বিষাক্ত গ্যাসের উৎপত্তি ও দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত করতে পারেনি তদন্ত দলগুলো।

বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ডের মহাপরিচালক এএসএম শফিউল আলম তালুকদার জানান, বুধবারও তদন্ত ও বিশেষজ্ঞ দলের সদস্যরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে আগের দিনের পর্যবেক্ষণের বাইরে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। সংগৃহীত নমুনা ঢাকা ও চট্টগ্রামের পৃথক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।