সিরাজগঞ্জে হেরোইন মামলায় তিনজনের যাবজ্জীবন
ফাইল ছবি
সিরাজগঞ্জে ২৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তারের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চন্দলিয়া কুমারপুর গ্রামের জেনারুল ইসলামের ছেলে সেজবুল ইসলাম, রানীনগর গ্রামের আলাউদ্দিনের ছেলে সোহেল রানা ও বিদিরপুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে আরিফুল ইসলাম সাগর।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রায় ঘোষণার সময় আরিফুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি পলাতক রয়েছেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা মাদক ক্রয়-বিক্রয় ও দেশের বিভিন্ন স্থানে সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। ২০২১ সালের ৪ অক্টোবর র্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন ব্যক্তি রাজশাহী থেকে ট্রাকে করে হেরোইন নিয়ে ঢাকার দিকে যাচ্ছেন।
এরপর র্যাব সদস্যরা হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মহিষলুটি বাজারে তল্লাশিচৌকি বসান। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে একটি ট্রাক পালানোর চেষ্টা করলে ধাওয়া করে সেটি আটক করা হয়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ২৫০ গ্রাম হেরোইনসহ সেজবুল, সোহেল ও আরিফুলকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় র্যাব-১২-এর ডিএডি সোলাইমান হোসেন বাদী হয়ে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত বুধবার তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।