প্রসূতি মৃত্যুর পর নগর মাতৃসদন কার্যক্রম বন্ধ ঘোষণা

প্রসূতি মৃত্যুর পর নগর মাতৃসদন কার্যক্রম বন্ধ ঘোষণা

সংগৃহীত ছবি

 

রংপুরের পীরগঞ্জে নগর মাতৃসদন কেন্দ্রে এক প্রসূতি ও তার গর্ভের সন্তানের মৃত্যুর ঘটনায় কেন্দ্রটির সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান কেন্দ্রটির সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় প্রসববেদনা উঠলে শ্রাবণী (১৯) এক গৃহবধূকে নগর মাতৃসদনে ভর্তি করানো হয়। সেখানে প্রসূতি ও তার গর্ভের সন্তানের মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, বাড়ির কাছাকাছি হওয়ায় শ্রাবণী তার মা ও খালার সঙ্গে হেঁটে নগর মাতৃসদনে আসেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর সিজারের জন্য ১০ হাজার ৫০০ টাকা নগদ পরিশোধ করেন। পরে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হলেও প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করানো হয়। এরপর একটি অ্যাম্বুলেন্স ডেকে তাকে রংপুরে পাঠানো হয়।

শ্রাবণীর বাবা মতিয়ার রহমান অভিযোগ করে বলেন, তাকে ওষুধ কেনার জন্য অন্যত্র পাঠানো হয়েছিল। ফিরে এসে তিনি দেখেন, তার মেয়েকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে এবং তার মুখ কাপড় দিয়ে ঢাকা। কী ঘটেছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা শ্রাবণীকে মৃত ঘোষণা করেন। ওই দিনই তার মরদেহ দাফন করা হয়। মতিয়ার রহমান ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন।

তবে নগর মাতৃসদনের ব্যবস্থাপক ডা. মো. আহ্সানুল আবেদীন মামুন স্বজনদের অভিযোগ অস্বীকার করেছেন। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ রানা বলেন, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের কার্যক্রম বন্ধের জন্য একাধিকবার মৌখিক নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর করা হয়নি।

রংপুর জেলা সিভিল সার্জন ডা. শাহিন সুলতানা বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বৃহস্পতিবার প্রসূতি শ্রাবণীর স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী নগর মাতৃসদন কেন্দ্র ঘেরাও করে ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান।

খবর পেয়ে ইউএনও ও পৌর প্রশাসক মাহমুদুল হাসান ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি নগর মাতৃসদন কেন্দ্রের সব কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা করেন।