বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত

সংগৃহীত

বাংলাদেশ বিমানবাহিনী শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার (২০ আগস্ট) যথাযথ মর্যাদায় পালন করেছে। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এদিন সকালে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে আয়োজিত মোনাজাতে অংশ নেন এবং শ্রদ্ধাবনত চিত্তে তার অবদানের কথা স্মরণ করেন।

এ সময় মরহুমের পরিবারের সদস্য, বিমান সদর এবং ঢাকাস্থ বিমান বাহিনী ঘাঁটিসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিমানসেনা উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় একাত্তরের মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের গৌরবোজ্জ্বল আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

এছাড়াও বিমানবাহিনী পরিচালিত সব স্কুল ও কলেজে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জীবনীর ওপর আলোকপাত ও তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয় বলে জানিয়েছে আইএসপিআর।