ভূরুঙ্গামারীতে ৫৫টি ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ আটক ১
ফাইল ছবি।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ৫৫টি ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ এনামুল হক অন্তর (২৬) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত এসব ফোনের আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা।
শুক্রবার (২১ আগস্ট) সকালে নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, বৃহস্পতিবার রাতে উপজেলার তিলাই ইউনিয়নের আসাদমোড় এলাকার উত্তর তিলাই বিএসসি পাড়ায় এনামুলের বাড়িতে এই অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এনামুলের বসতবাড়ির হাঁস-মুরগির খোঁয়াড়ে তল্লাশি চালিয়ে লুকানো অবস্থায় ৫৫টি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত ফোনগুলোর মধ্যে আইফোন, মটোরোলা, অপ্পো, রেডমি, রিয়েলমি ও ভিভো ব্র্যান্ড রয়েছে।
জানা যায়, একটি সংঘবদ্ধ চোরাচালান চক্র ভারতের বিভিন্ন স্থান থেকে চুরি বা ছিনতাই হওয়া মোবাইল সীমান্ত পার করে দেশে আনত। এরপর এনামুল দীর্ঘদিন ধরে আসাদমোড় এলাকায় সেগুলো অবাধে বিক্রি করে আসছিলেন।
ঢাকা, রংপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসে নিবন্ধনহীন এসব ফোন কিনে নিয়ে যেতেন।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও বিজিবির ধলডাঙ্গা ক্যাম্প কমান্ডার সুবেদার মতিউর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ বিষয়ে মুনতাসির মামুন মুন জানান, বিজিবির সহায়তায় সুপরিকল্পিতভাবে এই অভিযান চালিয়ে মোবাইলগুলো জব্দ ও আসামিকে আটক করা হয়েছে।