বাওড়ে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু

বাওড়ে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু

প্রতিকি ছবি

যশোরের মণিরামপুরে পারখাজুরা বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই-বোন। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো হাজরাকাটি গ্রামের অলিয়ার রহমানের মেয়ে ইয়াসমিন (৬) ও মফিজুর রহমানের ছেলে জিসান (১০)।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে ইয়াসমিন ও জিসান একসঙ্গে পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে ডুবে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। তবে ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়।

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বাওড়ের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের একজনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে সেখানেই রয়েছে। অপর শিশুর মরদেহ পরিবারের কাছে রাখা হয়েছে।

পরিদর্শক কামাল হোসেন বলেন, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে এসআই তুহিনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি ফিরে আসার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এক পরিবারের দুই শিশুর একসঙ্গে পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় হাজরাকাটি গ্রাম ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।