যশোরে হত্যা মামলায় যুবক আটক

যশোরে হত্যা মামলায় যুবক আটক

প্রতিকি ছবি

যশোরে আল-আমিন হোসেন ওরফে ‘পেরেক আল-আমিন’ হত্যা মামলায় আল-আমিন ওরফে ‘ব্ল্যাক আল-আমিন’ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের মনিহার এলাকা থেকে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করে। শনিবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আটক আল-আমিন শহরের সিটি কলেজপাড়ার সিরাজুল ইসলামের ছেলে। তার নামে আরও সাতটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার রাতে নিহত আল-আমিনের মা আয়শা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। এজাহারে বলা হয়, পেশায় স্বর্ণকার আল আমিন গত ২০ আগস্ট সকালে যশোর শহরের চৌরাস্তা মোড়ের দোকানে যান। বিকেলে একটি ফোনকল পেয়ে তিনি বের হন এবং আর ফেরেননি। পরে জানা যায়, দুর্বৃত্তরা তাকে হত্যা করে বারান্দীপাড়া লিচুতলা এলাকায় ফেলে রাখে। পরে মা নিজেই মরদেহ শনাক্ত করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, হত্যাকাণ্ডের আগে পূর্ব শত্রুতার জেরে ‘ব্ল্যাক আল-আমিন’ নিহত আল-আমিনকে হুমকি দিয়েছিলেন। আসামিকে রিমান্ডে নিলে ঘটনার আরও তথ্য মিলবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।