ফটিকছড়িতে মাদকবিরোধী অভিযানে ১০ জনের জেল-জরিমানা

ফটিকছড়িতে মাদকবিরোধী অভিযানে ১০ জনের জেল-জরিমানা

সংগৃহীত ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি ও ভূজপুর থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দেশি চোলাই মদ, গাঁজা ও ইয়াবা সেবনরত অবস্থায় ১০ জনকে আটক করেছে পুলিশ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটক ১০ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ভূজপুর থানা পুলিশ ও ফটিকছড়ি থানা পুলিশের সহযোগিতায় এ বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্যাহ।

অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় ১০ জনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

আটক ১০ জনের মধ্যে একজনকে ১ মাস, তিনজনকে ১৫ দিন, চারজনকে ৮ দিন এবং দুজনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের কাছ থেকে সর্বমোট ২ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

অভিযানে জব্দ করা মাদকদ্রব্য পরে বিনষ্ট করা হয়। এ ঘটনায় মোট ১০টি মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।