যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা কানাডার

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা কানাডার

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি

কানাডা আগামী ৮ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন খাতে আমদানিকৃত পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করবে। শনিবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ ঘোষণা দিয়েছেন।

কয়েক দিনের টানা আলোচনার পর, শুক্রবার গভীর রাতে যুক্তরাষ্ট্র ও কানাডা একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, যা এই দুই দীর্ঘমেয়াদী বাণিজ্য অংশীদার ও মিত্রের মধ্যে আগে থেকেই নাজুক সম্পর্ককে আরো খারাপ করে তুলেছে। শুক্রবার রাতে কানাডা থেকে আমদানী করা বিভিন্ন পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে কার্নি বলেছেন, “কানাডার শ্রমিক, কৃষক, পরিবার এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করার জন্য কানাডা ওয়াশিংটনের নতুন শুল্কের সমপরিমাণ শুল্ক আরোপ করবে।”

অটোয়ার পার্লামেন্ট ভবন থেকে দেওয়া এক জোরালো ভাষণে কার্নি জানান, এই প্রতিশোধমূলক শুল্ক ইস্পাত, দুগ্ধজাত পণ্য, গৃহস্থালি সরঞ্জাম, কৃষি যন্ত্রপাতি, কাগজের মণ্ড ও কাগজ এবং ইলেকট্রনিক্সের মতো খাতগুলোকে প্রভাবিত করবে এবং এতে সেইসব পণ্যও অন্তর্ভুক্ত থাকবে যেগুলো বর্তমানে অযৌক্তিক ধারা ২৩২ এবং ৩৩৮-এর শুল্কের আওতাধীন।

তিনি বলেন, “তারা যা প্রস্তাব দিয়েছে তা আমরা গ্রহণ করতে পারি না এবং তারা যা চেয়েছে তা আমরা দেব না।”