চট্টগ্রামে হত্যা মামলার আট আসামি গ্রেফতার
প্রতিকি ছবি
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় মোহাম্মদ সাকিব নামে এক যুবককে হত্যার মামলায় আট আসামিকে গ্রেফতার করেছে র্যাব। হত্যাকান্ডের পর শুক্রবার ও শনিবার টানা ৪৮ ঘন্টায় চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন স্থানে এবং কক্সবাজারে অভিযানে এসব আসামিকে গ্রেপ্তার করা হয় বলে রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন সাকিব।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, সাকিব চান্দগাঁও থানার বিসিক এলাকার একটি ময়দার মিলের কর্মচারী ছিলেন। ঘটনার আট দশ দিন আগে আসামি ইমন এক ব্যক্তির মোবাইল ফোন ছিনতাই করে। সাকিব ঘটনাটির প্রতিবাদ করেন এবং স্থানীয়দের সহায়তায় ফোনটি উদ্ধার করে মালিককে ফেরত দেন। এতে সাকিবের ওপর ক্ষিপ্ত হয় আসামিরা।
এর ধারাবাহিকতায় গত ২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টায় সাকিব ও তার প্রতিবেশি অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ইমনসহ তার সহযোগীরা সাকিবকে রিকশা থেকে নামিয়ে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে। মারাত্মক জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। এ ঘটনায় সাকিবের বাবা বাদী হয়ে চান্দগাঁও থানায় তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬/৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলার সূত্র ধরে অভিযুক্ত আটজনকে গ্রেফতার করে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- ঘটনায় প্রধান অভিযুক্ত মো. ইমন (২২) ও তার সহযোগী মো. রায়হান (২৫), মো. শাহেদ সালমান (২২), মোহাম্মদ হোসেন (২২), হাসান মোহাম্মদ রবিউল (২১), মো. সাকিব হোসেন (১৮), মো. আছমান (২৩) ও ফয়সাল (২৩)। অভিযানে হত্যাকান্ডে ব্যবহৃত একটি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ছুরি উদ্ধার করা হয়েছে।