খাদ্যে ভেজাল, চার প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা

খাদ্যে ভেজাল, চার প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা

ফাইল ছবি

 

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও বাসি খাবার বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ খাদ্যে ভেজালের বিভিন্ন অভিযোগে চার প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। শনিবার (২২ আগষ্ট) বিশুদ্ধ খাদ্য আদাললতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা এক বিচারিক কার্যক্রমে এসব জরিমানা করেন বলে রবিবার এক বিজ্ঞপ্তিতে জানা গেছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জানান, ফ্লেভারস বেকারিতে পচা-বাসি মিষ্টির উচ্ছিষ্ট সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ মিষ্টি-কেক ও বিস্কুট বিক্রি, অপরিচ্ছন্ন পরিবেশ ও পোকাযুক্ত বাদাম ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১৯ লাখ জরিমানা করা হয়।

মেরিডিয়ান ফুডে তেলাপোকার উপস্থিতি, পোকামাকড়যুক্ত ম্যাংগো পাল্প, পোড়া তেল ব্যবহার এবং অস্বাাস্থ্যকর পরিবেশে চিপস, নিমকি ও অন্যান্য পণ্য তৈরির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া উৎসব সুপার শপে মেয়াদোত্তীর্ণ মোমোস, নষ্ট মসলা ও চকোলেট, অপরিচ্ছন্ন পরিবেশে মাংস সংরক্ষণ এবং যথাযথ লেবেলিং ছাড়া বিভিন্ন খাদ্যপণ্য বিক্রির দায়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। রিও ক্যাফেতে ক্যাফেতে পচা-বাসি খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ ও প্রয়োজনীয় নিবন্ধন না থাকায় এক লাখ টাকা জরিমানা করা হয়।