মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে মাইকিং করলেন দাদা
সংগৃহীত ছবি
নরসিংদীর মনোহরদীতে মাদকাসক্ত নাতির সঙ্গে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য এলাকাজুড়ে মাইকিং করিয়েছেন এক দাদা।
শনিবার (২২ আগস্ট) বিকালে উপজেলার বড়চাপা ইউনিয়নের পাইকান ব্যাপারীপাড়ায় এ ঘটনা ঘটে।
মাইকিংয়ে বলা হয়, দাদা করম আলী ব্যাপারীর পক্ষ থেকে জানানো যাচ্ছে, নাতি মো. মাহাবুব মিয়ার সঙ্গে কেউ যেন বাকিসহ কোনো প্রকার আর্থিক লেনদেন না করেন বা তাকে টাকা ধার না দেন। এই সতর্কতার পরও কেউ লেনদেন করলে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হবে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
স্থানীয় বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান উদ্দিন জানান, মাহাবুব বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে দাদার ওপর দায় চাপাতেন। এতে অতিষ্ঠ হয়েই দাদা করম আলী এমন ব্যতিক্রমী সতর্কবার্তা প্রচার করেছেন।
মাহাবুবের ওপর মাদকের প্রভাব থাকতে পারে বলে ধারণা করলেও, অন্য কোনো অপরাধে জড়িত থাকার তথ্য নেই বলে জানান তিনি।