ফু-ওয়াং ফুড লিমিটেডের কারখানা বন্ধ
ফাইল ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং ফুড লিমিটেডের কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। একদিকে কাচামালের দাম বৃদ্ধি, অপরদিকে গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় আগামী ৬ মাসের জন্য কারখানাটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
রবিবার (২৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকা এবং কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। এ কারণে কোম্পানির পরিচালনা পর্ষদের ২২ আগস্টের সভায় ৬ মাসের জন্য কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, শেয়ারবাজারে ২০০০ সালে তালিকাভুক্ত হয় ফু-ওয়াং ফুড। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১১০ কোটি ৮৩ লাখ টাকা। কোম্পানিটি বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে।