মেহেরপুরে তিন প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা
সংগৃহীত
মেহেরপুর শহরের হোটেল বাজার ও বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়।
রোববার (২৩ আগস্ট) দুপুর থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন খাদ্য উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানের কার্যক্রম, লাইসেন্স ও খাদ্যপণ্যের মানসহ সার্বিক বিষয় তদারকি করা হয়।
অভিযানকালে যথাযথ কর্তৃপক্ষের সনদ গ্রহণ না করে খাদ্যসামগ্রী তৈরি, নিষিদ্ধ কেওড়া জল ও শিল্প লবণ ব্যবহারের অভিযোগে মো. আব্দুস সালাম হাওলাদারের ঢাকা কাচ্চি ঘরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া লাইসেন্স নবায়ন না করা, কাঁচা মাংসের সঙ্গে খাওয়ার বরফ সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের কারণে মো. মেহেদী হাসানের জোছনা বেকারি ও কনফেশনারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন এবং পণ্যে মেয়াদ উল্লেখ না করার অভিযোগে মো. আল আরাবি আজিজের আল বারাকা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে তিন প্রতিষ্ঠান থেকে মোট ৭০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত হালনাগাদ করা এবং খাদ্যপণ্য যথাযথ নিয়মে উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির জন্য নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রিয়াজ মাহমুদ, মেহেরপুর জেলা পুলিশের একটি দল এবং র্যাব-১২-এর একটি দল।