গাইবান্ধায় বিক্রয় কর্মীদের দক্ষতা উন্নয়নে সমন্বিত জরিপ শুরু
সংগৃহীত ছবি
গাইবান্ধা জেলা শহরের শপিং মল, মার্কেট ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত বিক্রয় কর্মীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সমন্বিত জরিপ কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার ২৪ আগস্ট সকালে শহরের সালিমার সুপার মার্কেটে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সামিউল হুদা সুমেল।
এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক আবুল হোসেন মৃধা সোহাগ, আলী কাওসার বাবুল, আবু তাহের সদরুল আমীন, চেম্বার সচিব জিয়াউল হক কামাল, সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের সভাপতি মেহেদী হাসানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা।
আয়োজকরা জানান, শহরের বিভিন্ন শপিং মল, মার্কেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত বিক্রয় কর্মীদের দক্ষতা, অভিজ্ঞতা, কর্মপরিবেশ, প্রয়োজনীয় দক্ষতা এবং প্রশিক্ষণের চাহিদা সম্পর্কে তথ্য সংগ্রহ করতেই এ জরিপ পরিচালনা করা হচ্ছে।
জরিপ কার্যক্রমে ১৫ জন জরিপকারী অংশ নিচ্ছেন। তাঁরা নির্ধারিত প্রশ্নমালার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান ও শপিং মলে সরেজমিনে গিয়ে বিক্রয় কর্মীদের সঙ্গে কথা বলবেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন।
জরিপের মাধ্যমে বিক্রয় কর্মীদের দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয় ক্ষেত্রগুলো চিহ্নিত করা হবে। সংগৃহীত তথ্য বিশ্লেষণের পর প্রশিক্ষণের প্রয়োজনীয়তা, অগ্রাধিকার ক্ষেত্র ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।
আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে গাইবান্ধার ব্যবসা বাণিজ্য খাতে কর্মরত বিক্রয় কর্মীদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ক্রেতাসেবা, যোগাযোগ দক্ষতা ও কর্মপরিবেশের উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।