সিলেটে এবার আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
প্রতিকি ছবি
সিলেটে এবার আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাত ১টার দিকে মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন ইসলামাবাদ এলাকা থেকে শাহাব উদ্দিন নামে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহাব উদ্দিন (৬৫) সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। চারখাই বাজারে তার ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে। তিনি পরিবার নিয়ে ইসলামাবাদ এলাকায় নিজ বাসায় থাকতেন।
স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে শাহাব উদ্দিনকে দুর্বৃত্তরা কুপিয়ে ফেলে যায়। তার ঘাড়ে ধারালো অস্ত্রের একাধিক কোপ ছিল। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহতের ছেলে রেদোয়ান আহমদ জানান, রাতে স্থানীয় এক ব্যক্তি এসে জানান কয়েকজন লোক তার বাবাকে আটকে রেখেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি তাঁর বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর ঘাড়ে তিনটি কোপের আঘাত ছিল। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
শাহপরাণ (রহ.) থানার ওসি ফেরদৌস আহমদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত এবং জড়িতদের শনাক্ত ও আটকে পুলিশ তৎপরতা চালাচ্ছে।
এর আগে, গত ১২ আগস্ট সকালে সিলেট মহানগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর ‘নিকুঞ্জ ভিলায়’ নিজ বাসার ভেতরে খুন হন ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহপরিচারিকা তাহমিনা (২৫)। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আরও এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় নগরজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।