রোগীকে বাইরে থেকে স্যালাইন কিনতে বলায় নার্সকে শোকজ

রোগীকে বাইরে থেকে স্যালাইন কিনতে বলায় নার্সকে শোকজ

সংগৃহীত ছবি

হাসপাতালে স্যালাইন মজুত থাকার পরও রোগীকে তা সরবরাহ না করে বাইরে থেকে কিনতে বলার অভিযোগে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এক সিনিয়র স্টাফ নার্সকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ. ম. আখতারুজ্জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। অভিযুক্ত নার্স মাসুদা আক্তার হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডের ইনচার্জ হিসেবে দায়িত্বে ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে যান। এ সময় তিনি মহিলা মেডিসিন ওয়ার্ডের ১১৩ নম্বর বেডে চিকিৎসাধীন রোগী তারিনের চিকিৎসার খোঁজখবর নেন।

পরিদর্শনকালে রোগী ও তাঁর স্বজনেরা অভিযোগ করেন, হাসপাতালে স্যালাইন মজুত থাকার পরও ওয়ার্ড ইনচার্জ মাসুদা আক্তার তা সরবরাহ না করে বাইরে থেকে কিনে আনতে বলেন। অভিযোগের বিষয়টি জানতে পেরে স্বাস্থ্যমন্ত্রী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে রোগীর বাইরে থেকে স্যালাইন কেনার টাকা তিনি নিজ পকেট থেকে পরিশোধ করে দেন।

এর পরিপ্রেক্ষিতে সোমবার ওই নার্সকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ. ম. আখতারুজ্জামান বলেন, সরকারি দায়িত্বে অবহেলা ও চাকরির বিধি লঙ্ঘনের অভিযোগে মাসুদা আক্তারকে শোকজ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।