জয়সোয়াল-আসিতাকে শাস্তি দিল আইসিসি

জয়সোয়াল-আসিতাকে শাস্তি দিল আইসিসি

ছবি: সংগৃহীত

কলম্বোয় শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনে অনাকাঙ্ক্ষিত শারীরিক সংঘাতের (ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফিজিক্যাল কন্টাক্ট) অভিযোগে ভারতীয় ব্যাটার যশস্বী জয়সোয়াল এবং শ্রীলঙ্কান পেসার আসিতা ফার্নান্দোজ উভয়কেই ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

এর পাশাপাশি আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই খেলোয়াড়ের শৃঙ্খলা সংক্রান্ত রেকর্ডে ১টি করে ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে।

ঘটনাটি ঘটে ম্যাচের প্রথম দিন ১৭তম ওভারের শেষ বলে। ফার্নান্দোর বলে জয়সোয়াল (৪৫) আউট হয়ে প্যাভিলিয়নের দিকে ফিরে যাওয়ার সময় উইকেটের উদযাপনে থাকা ফার্নান্দোর দিকে হেঁটে যান। আইসিসির এক বিবৃতিতে বলা হয়, "জয়সোয়াল ফার্নান্দোর দিকে এগিয়ে যান এবং তাঁদের মধ্যে বাক্যবিনিময় হয়। এরপর ফার্নান্দো তাঁর মাথা জয়সোয়ালের দিকে এগিয়ে নেন এবং জবাবে জয়সোয়ালও হেলে পড়েন, যার ফলে তাঁদের মাথায় স্পর্শ লাগে।"

টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, ড্রেসিংরুমে ফেরার পথে উল্টো ঘুরে উইকেটে ফার্নান্দোর মুখোমুখি হন জয়সোয়াল। হেলেমেট পরা অবস্থায় জয়সোয়াল মাথা এগিয়ে দিলে অসিতাও পিছিয়ে যাননি। ফলে দুই খেলোয়াড়ের এই আচরণকে আইসিসির আচরণবিধির ২.১২ ধারা লঙ্ঘন বলে গণ্য করেছেন ম্যাচ রেফারি।

আইসিসির লেভেল-১ অপরাধের সর্বনিম্ন শাস্তি হলো অফিশিয়াল তিরস্কার এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং ১ বা ২ ডিমেরিট পয়েন্ট। বিগত ২৪ মাসে এই দুই খেলোয়াড়ের কেউই কোনো ডিমেরিট পয়েন্ট পাননি।

টসে জিতে ব্যাট করতে নেমে জয়সোয়ালের বিদায়ের পর প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩০০ রান তোলে ভারত। অসিতা ফার্নান্দো শুভমান গিল ও রবীন্দ্র জাদেজাকেও আউট করেন। উল্লেখ্য, গালে প্রথম টেস্ট ১৬৫ রানে জিতে দুই ম্যাচের এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।