বাউবিতে মুট কোর্ট সোসাইটির কর্মশালা

বাউবিতে মুট কোর্ট সোসাইটির কর্মশালা

সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব ল-এর অধীনে মুট কোর্ট সোসাইটির উদ্যোগে 'A Workshop on Moot Court Competition: Memorial Writing, Legal Research and Oral Advocacy' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাউবির ঢাকা আঞ্চলিক কেন্দ্রে আয়োজিত কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির সাংগঠনিক সম্পাদক শর্মিষ্ঠা বণিক।

উদ্বোধনী বক্তব্যে স্কুল অব ল-এর ডিন অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসী বলেন, “মুটিং আইন অধ্যয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু একটি প্রতিযোগিতা নয়; মুট কোর্ট শিক্ষার্থীদের ভালো আইনজীবী হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। তাত্ত্বিক আইন ও আদালতের বাস্তব অনুশীলনের মধ্যে সেতুবন্ধন তৈরিতেও মুট কোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি মুট কোর্ট সোসাইটি গঠনে বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের ভূমিকার প্রশংসা করেন এবং জাতীয় পর্যায়ের মুট কোর্ট প্রতিযোগিতায় বাউবি শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন।

মুখ্য আলোচক শর্মিষ্ঠা বণিক মেমোরিয়াল রাইটিং, লিগ্যাল রিসার্চ ও ওরাল অ্যাডভোকেসি বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেন এবং মুট কোর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণের বিভিন্ন কৌশল, করণীয় ও বর্জনীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

সমাপনী বক্তব্যে মুট কোর্ট সোসাইটির আহ্বায়ক ও স্কুল অব ল-এর প্রভাষক সজল আহমেদ বাপ্পী নিয়মিত মুটিং চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় স্কুল অব ল-এর প্রভাষক রিচিমনি প্রমাসহ বিভিন্ন ব্যাচের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৯ম ব্যাচের শিক্ষার্থী নুসরাত জাহান।