খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা : শ্রমিকলীগ নেতা কাশেমের ৫ দিনের রিমান্ড
সংগৃহীত ছবি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার তেজগাঁও থানা শ্রমিকলীগের সভাপতি মো. আবুল কাশেম পাটোয়ারীকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৫ অগাস্ট) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।
তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক আবদুল হান্নান গত ২০ আগস্ট এ আবেদন করেন। আদালত আজ আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য ধার্য করেন।
এর আগে একই মামলায় গত ১৮ অগাস্ট মঙ্গলবার তাকে কারাগারে পাঠানো হয়। প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেন।
গত ১৭ আগস্ট রাজধানীর কাওরান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ আদালতে আসামিপক্ষের আইনজীবী মনির হোসাইন সুমন রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্র পক্ষে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে রিমান্ডের আদেশ আসে।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে কাওরান বাজারের বাপেক্স ভবন, পল্লী ভবন, পরিবার পরিকল্পনা অফিস ও কাব্যকস সুপার মার্কেটের সামনে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা চালানো হয়।
অভিযোগে আরো বলা হয়, ওই সময় আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। সে সময় খালেদা জিয়ার গাড়ি বহরের একাধিক গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় সিএসএফের নিরাপত্তাকর্মীসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন।
পুলিশ জানায়, তদন্তের একপর্যায়ে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে কাওরান বাজার এলাকা থেকে আবুল কাশেম পাটোয়ারীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনায় তার সরাসরি জড়িত থাকার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।