হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের স্টপেজের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন

হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের স্টপেজের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ যাত্রীরা। মঙ্গলবার সকালে শহরের চৌমুহনায় সাধারণ যাত্রীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দসহ শতাধিক মানুষ অংশ নেন।

সংস্কৃতিকর্মী মো. তারেক ইকবালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থার সভাপতি নিহার রঞ্জন দেবনাথ, মহিলা বিষয়ক সম্পাদিকা মিতালী দত্ত, কোষাধ্যক্ষ সুলতান আহমদ, সদস্য মো. ওয়াহিদ হাসান, সুশাসনের জন্য নাগরিক (সুজন) শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. কাওছার ইকবাল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ ও সিনিয়র সদস্য সৈয়দ আমিরুজ্জামানসহ অন্যরা।

বক্তারা বলেন, শ্রীমঙ্গল একটি গুরুত্বপূর্ণ উপজেলা। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ নানা প্রয়োজনে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ ও সিলেটে যাতায়াত করেন। কিন্তু হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ পরিবহনে শ্রীমঙ্গলে কোনো স্টপেজ না থাকায় সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বক্তারা দ্রুত শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের স্টপেজ চালুর দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।