লালমনিরহাটে কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

লালমনিরহাটে কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

সংগৃহীত ছবি

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদের মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে। এ সময় স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যায় বিএসএফ সদস্যরা। এ ঘটনায় বিএসএফের হামলায় দুই কৃষক আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে বিজিবি।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি-আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

সীমান্তবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, আমঝোল সীমান্ত এলাকায় কয়েকজন কৃষক জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফের কয়েকজন সদস্য বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে কৃষকদের এলোপাতাড়ি মারধর করেন। খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী এগিয়ে গেলে তাদের সঙ্গে বিএসএফ সদস্যদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে বিএসএফ সদস্যরা পালিয়ে যান।

পরে বনচৌকি ক্যাম্পের বিজিবি সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

তিনি বলেন, এ বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে কথা হচ্ছে। অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠক হলে পরে বিস্তারিত জানানো হবে।