হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
সংগৃহীত
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে, স্বাভাবিক রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার।
বুধবার (২৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল।
তিনি জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ বুধবার ভারতের সঙ্গে এই বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এছাড়াও বন্ধ রয়েছে বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম। বৃহস্পতিবার যথারীতি দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি চালু হবে।
এদিকে, হিলি ইমিগ্রেশন ওসি মো. জাকারিয়া বলেন, “যেকোন দিবস উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকে।”