জেনে নিন জাম্বুরার গুণাগুণ সম্পর্কে
ছবিঃ সংগৃহীত।
মৌসুমি নানান ফল এখন বাজারে পাওয়া যাচ্ছে। তবে এর মধ্যে আমাদের দেশিয় ফল জাম্বুরা কেবল স্বাদেই অতুলনীয় নয়, এর গুণাগুণও রয়েছে অনেক।বয়সকে ধরে রেখে চাঙ্গা থাকতে চাইলে জাম্বুরার চেয়ে ভালো সঙ্গী আর হতে পারে না। ভিটামিন ও শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফলটি প্রতিদিনের খাদ্যাভ্যাসে রাখলে রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়ে যাবে, তেমনি ত্বক থাকে সতেজ ও প্রাণবন্ত।
জাম্বুরার অসাধারণ কয়েকটি স্বাস্থ্যগুণ সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক-
তারুণ্য ধরে রাখে: জাম্বুরায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বয়সের ছাপ দূর করে কোলাজেন উৎপাদনে সাহায্য করে, যা ত্বককে চির তরুণ রাখতে ভূমিকা রাখে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় এটি শরীরকে যে কোনো সংক্রমণ ও সিজনাল সর্দি-কাশি থেকে রক্ষা করে।
হজম ও ওজন নিয়ন্ত্রণ: উচ্চ ফাইবার সমৃদ্ধ এই ফল কোষ্ঠকাঠিন্য দূর করে, দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।
হৃদযন্ত্রের সুরক্ষা: জাম্বুরায় থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হৃদরোগের ঝুঁকি কমাতে অত্যন্ত কার্যকর।
এবার আসুন মজাদার জাম্বুরা মাখানোর কয়েকটি রেসিপি জেনে নেওয়া যাক-
১. পুদিনা-সরিষার তেলে স্পেশাল জাম্বুরা মাখা
উপকরণ
কোষ ছাড়ানো জাম্বুরা, বিট লবণ, মরিচের গুঁড়া, টাটকা পুদিনা পাতা কুচি এবং খাঁটি সরিষার তেল।
যেভাবে বানাবেন
একটি পাত্রে জাম্বুরার কোষা নিয়ে তাতে পরিমাণমতো বিট লবণ, স্বাদমতো মরিচের গুঁড়া, পুদিনা পাতা কুচি এবং কয়েক ফোটা সরিষার তেল দিন। আলতো হাতে মাখিয়ে নিন। পুদিনার তাজা সুবাস আর সরিষার তেলের ঝাঁঝে জাম্বুরার স্বাদ অসাধারণ হয়ে উঠবে।
২. সহজ লবণ-মরিচ মাখা
উপকরণ
ছাড়ানো জাম্বুরা, স্বাদমতো লবণ (বা বিট লবণ) এবং লাল মরিচের গুঁড়া।
যেভাবে বানাবেন
জাম্বুরার কোষাগুলোর ওপর স্বাদ অনুযায়ী লবণ ও মরিচের গুঁড়া ছিটিয়ে ভালো করে আলতো করে মেখে নিলেই তৈরি হবে ঝটপট জাম্বুরা মাখা।
হাতের কাছে জাম্বুরা থাকলে আজই দুপুর অথবা বিকেলের নাস্তায় পুষ্টিতে ভরপুর টক-ঝাল-মিষ্টি এই ফলটি পরিবেশন করুন।