মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন

সংগৃহীত ছবি

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝটিকা পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

বুধবার বেলা ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির ফাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান প্রতিমন্ত্রী। এ সময় তিনি রোগীদের খোঁজখবর নেন এবং হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, ‘হঠাৎ করে এসে দেখেছি, সবাই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করছেন।’ কোনো রোগী যেন সেবার ক্ষেত্রে অভিযোগ না করেন এবং সবাই যেন যথাযথ চিকিৎসাসেবা পান, সে বিষয়ে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন তিনি। পাশাপাশি হাসপাতালের জরুরি বিভাগ আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার তাগিদ দেন।

প্রতিমন্ত্রীর হাসপাতালে আসার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমীসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা সেখানে উপস্থিত হন।