ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব
ফাইল ছবি
সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর। কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়াই অনেকে দাবি করছেন, ঢাকাই সিনেমার নন্দিত এই অভিনেতা, প্রযোজক ও পরিচালক আর নেই।
তবে খবরটি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।
ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ইলিয়াস কাঞ্চন ভালো আছেন। ভুল তথ্যে খবর ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।’
এর আগেও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিয়াস কাঞ্চনের মৃত্যু নিয়ে গুজব ছড়িয়েছিল।
তখনও তার পরিবার এসব খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছিল।
ব্রেন টিউমারে আক্রান্ত এই বরেণ্য অভিনেতা বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় সেখানে চিকিৎসা নেওয়ার পর গত ৩ আগস্ট দেশে ফিরেছিলেন তিনি। পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে কিছুটা সময় কাটাতেই তার এই দেশে ফেরা।
দেশে ফেরার পর ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করেন চলচ্চিত্র অঙ্গনের অনেক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী। তাদের মধ্যে ছিলেন আলমগীর, মিশা সওদাগর, শবনম, আনোয়ারা, সুচন্দা, রোজিনা, চম্পাসহ অনেকে।
গত ৭ আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত নিসচার ১১তম মহাসমাবেশেও অংশ নেন ইলিয়াস কাঞ্চন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে তিনি কিশোরগঞ্জের গ্রামের বাড়িতেও যান।
দেশে ফেরার পর নিজের শারীরিক অবস্থা নিয়ে সন্তুষ্টির কথাও জানিয়েছিলেন এই অভিনেতা।
তবে এরই মধ্যে তাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় উদ্বেগ তৈরি হয়েছে।
ইলিয়াস কাঞ্চনের স্বজন ও ঘনিষ্ঠজনরা সবাইকে এ ধরনের ভিত্তিহীন খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।