কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম পেট্রোল’

কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম পেট্রোল’

ফাইল ছবি

টেলিভিশনে নতুন ভূমিকায় আসছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। জনপ্রিয় ক্রাইম শো ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন মৌসুম ‘ক্রাইম পেট্রোল—ক্রাইম কা কারেন্ট সিজন’-এর সঞ্চালক হিসেবে দেখা যাবে তাকে। অনুষ্ঠানটির নতুন মৌসুম শুরু হবে আগামী ৩১ আগস্ট

নতুন মৌসুমটি সপ্তাহে চার দিন—সোমবার থেকে বৃহস্পতিবার প্রচার হবে। অমিতাভ বচ্চন সঞ্চালিত ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র পরই দেখা যাবে অজয় দেবগনের ‘ক্রাইম পেট্রোল’।

অনুষ্ঠানটি প্রচার হবে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন ও সনি লাইভে

এবারের মৌসুমে বাস্তব অপরাধের ঘটনা থেকে অনুপ্রাণিত বিভিন্ন গল্প তুলে ধরা হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব, মানুষের বদলে যাওয়া আচরণ, তাৎক্ষণিক স্বীকৃতি পাওয়ার প্রবণতা এবং আধুনিক জীবনের নানা চাপ কিভাবে মানুষের সিদ্ধান্ত ও আচরণে প্রভাব ফেলছে, সেদিকেও নজর দেওয়া হবে।

অনুষ্ঠানের প্রচারণামূলক ভিডিওতে অজয় দেবগনকে সরাসরি দর্শকদের সঙ্গে কথা বলতে দেখা গেছে।

সেখানে তিনি বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মানুষের দ্রুত বদলে যাওয়া আবেগের বিষয়টি তুলে ধরেছেন। তার বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয়েছে, কখনো কখনো রাগ, হতাশা কিংবা আবেগের বশে মানুষ এমন সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে, যার পরিণতি ভয়াবহ হতে পারে।

শুধু অপরাধের ঘটনা তুলে ধরাই নয়, দর্শকদের সচেতন ও সতর্ক করাও নতুন মৌসুমের অন্যতম লক্ষ্য। অজয় দেবগন দর্শকদের ভয় না পেয়ে চারপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকার বার্তা দেবেন।

২০০৩ সালে শুরু হওয়া ‘ক্রাইম পেট্রোল’ ভারতের অন্যতম পরিচিত ক্রাইমভিত্তিক টেলিভিশন অনুষ্ঠান।

বিভিন্ন সময়ে একাধিক অভিনেতা ও উপস্থাপক অনুষ্ঠানটির বিভিন্ন সংস্করণ সঞ্চালনা করেছেন। তাদের মধ্যে অনুপ সোনি দীর্ঘদিন এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন এবং দর্শকদের কাছে ‘ক্রাইম পেট্রোল’-এর অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন।

এবার সেই পরিচিত ফরম্যাটে যুক্ত হচ্ছেন অজয় দেবগন। সিনেমায় পুলিশ ও অ্যাকশনধর্মী চরিত্রে তার পরিচিতির কারণে ‘ক্রাইম পেট্রোল’-এ তার উপস্থিতি নিয়ে দর্শকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

এদিকে অজয় দেবগনের হাতে রয়েছে আরো একটি বড় প্রকল্প। তার অভিনীত ‘দৃশ্যম : দ্য কনক্লুশন’ সিনেমাটি ২ অক্টোবর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। ছবিতে বিজয় সালগাঁওকর চরিত্রে আবারও ফিরছেন তিনি।