অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে আটক ৫
প্রতিকি ছবি
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ বিক্রির নামে প্রতারণার অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে কালিয়া থানা পুলিশ। বুধবার বিকেলে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন ফুলদাহ গ্রামের ফারুক শেখের ছেলে আকিদুল শেখ, ওলিয়ার শেখের ছেলে আসমাউল শেখ, কাকা মিয়া শেখের ছেলে ইমরান শেখ, মোহর মিনার ছেলে তৈয়বুর রহমান ও তুহিন শেখের ছেলে নিরব শেখ। পুলিশের দাবি, আকিদুল শেখ অনলাইন প্রতারণা চক্রটির অন্যতম হোতা এবং তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১১টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ‘ইলিশ বাড়ি’ অ্যাপের মাধ্যমে টাটকা ইলিশ বিক্রির বিজ্ঞাপন দিত। এসব বিজ্ঞাপন দেখে আগ্রহী ক্রেতাদের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অগ্রিম টাকা নেওয়া হতো। তবে টাকা নেওয়ার পর ক্রেতাদের ইলিশ সরবরাহ করা হতো না।
অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ছয়টি স্মার্টফোন, তিনটি বাটন মোবাইল ফোন এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, ইলিশ বিক্রির নামে প্রতারণা করে চক্রটি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। পুলিশের অভিযোগ, প্রতারণা করে পাওয়া অর্থের একটি অংশ দিয়ে মাদক কেনাবেচা, মাদক সেবন ও জুয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল তারা।
তিনি জানান, আটক পাঁচজনের বিরুদ্ধে কালিয়া থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। এছাড়া আকিদুল শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অপরাধে ১১টি মামলা রয়েছে।
ওসি ইদ্রিস আলী অনলাইনে পণ্য কেনার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো পণ্য কেনার আগে বিক্রেতা ও প্রতিষ্ঠানের তথ্য যাচাই করতে হবে। বিশেষ করে অপরিচিত অনলাইন বিক্রেতাকে অগ্রিম টাকা দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।