জাপানে উড়োজাহাজের চাকায় মিলল অজ্ঞাত মরদেহ

জাপানে উড়োজাহাজের চাকায় মিলল অজ্ঞাত মরদেহ

ছবিঃ সংগৃহীত।

আকাশে উড়ন্ত উড়োজাহাজের চাকার অংশে লুকিয়ে ভ্রমণের চেষ্টা! শুনতে অবাক লাগলেও সম্প্রতি এমনই এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে।জাপানের টোকিও থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটের ‘হুইল ওয়েল’ বা চাকার খোপ থেকে উদ্ধার করা হয়েছে এক অজ্ঞাত মরদেহ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ফ্লাইটটি মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ-২) অবতরণ করে। অবতরণের কিছুক্ষণ পর উড়োজাহাজের চাকার খোপ খোলার দায়িত্ব পান ইঞ্জিনিয়ারিং কর্মীরা।

এ সময় সেখান থেকে সন্দেহজনক তীব্র দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশ এসে জিন্স ও সাদা শার্ট পরা ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ২০-এর কোঠায় বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি নারী নাকি পুরুষ কিংবা কোন দেশের নাগরিক—সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ।মরদেহের সঙ্গে কোনো পরিচয়পত্র বা নথিপত্রও পাওয়া যায়নি।

প্রাথমিক তদন্ত শেষে পুলিশের ফরেনসিক দল জানিয়েছে, মরদেহটি উদ্ধারের অন্তত ৭২ ঘণ্টারও (তিন দিন) বেশি সময় আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। বর্তমানে তার সঠিক পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে জোরদার তদন্ত চলছে।