শিক্ষার্থীদের দক্ষ করতে সহশিক্ষা কার্যক্রমে জোর দিচ্ছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী
সংগৃহীত ছবি
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার এক্সট্রা কারিকুলাম বা সহশিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্ব দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার দুপুরে যশোর সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল দলের উদ্বোধন, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিদ্যালয়ের একাডেমি ভবনের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার স্কুল পর্যায় থেকেই বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখানোর ওপর জোর দিচ্ছে। যাতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।
শিক্ষাখাতে বরাদ্দ প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান সরকার এ পর্যন্ত শিক্ষাখাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দিয়েছে, যা অতীতে কখনো দেওয়া হয়নি। ধাপে ধাপে এই বরাদ্দ বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের বিজ্ঞান ও কম্পিউটার ল্যাবের পরিসর বাড়ানো এবং গ্রন্থাগার সমৃদ্ধ করার বিষয়ে কথা বলেন। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে এসব উদ্যোগে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং দলটির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।
সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভেরোনিকা যমুনা রোজারিওর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য রাজিদুর রহমান সাগর।