জিডি ট্রফিতে অনূর্ধ্ব-১৯ দলের বিশাল জয়
সংগৃহীত
গেম ডেভেলপমেন্ট ট্রফির (জিডি ট্রফি) প্রথম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলকে ২৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নামে অনূর্ধ্ব-১৯ দল। দুই ওপেনার জারিফ সিয়াম এবং মোহাম্মদ আব্দুল্লাহ আল মুহির ব্যাটে ভর করে উড়ন্ত সূচনা পায় অনূর্ধ্ব-১৯। ওপেনিং জুটিতে মাত্র ৩.৫ ওভার থেকেই চলে আসে ৪৩ রান।
ফিফটির পর জারিফ চলে যান সেঞ্চুরির খুব কাছে। ৭৬ বলে ৯৯ রান করে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে বিদায় নেন তিনি। আহসান ফিফটি হাঁকিয়ে বেশি দূর আগাতে পারেননি। দলীয় ২০৮ রানের মাথাতে ৬৫ বলে ৬৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান তিনি।
বাকি সময়টা ফরিদ হাসান ফয়সাল ৫৩ বলে ৬২ রানের ক্যামিও খেলেন। শেষ পর্যন্ত ৪৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২৯ রানের বিশাল পুঁজি দাঁড় করায় অনূর্ধ্ব-১৯ দল। অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ৩ উইকেট শিকার করেছেন ইয়াসিন মজুমদার।
বড় রানের জবাব দিতে নেমে অনূর্ধ্ব-১৭ দলের ৩ রানের মধ্যেই খালি হাতে সাজঘরে ফিরে যান দুই ওপেনার আসাদুল্লাহ হিল গালিব এবং হাসান। ইমরান ভূঁইয়ার ৪৭ বলে ২৪ রান তাদের পক্ষে উল্লেখযোগ্য ইনিংস।
২৯.১ ওভারের খেলা শেষে ৮৩ রান তুলে অল আউট হয়েছে অনূর্ধ্ব-১৭ দল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পায় ২৪৬ রানের বিশাল এক জয়।
অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৩ উইকেট নেন শাকিল খান। ২টি করে উইকেট তোলেন শেখ আতিকুর রহমান এবং তাফিউল আলম তামিম।