শিক্ষার্থীদের অনুদানের চেক ও সাইকেল বিতরণ
সংগৃহীত
দিনাজপুরের ঘোড়াঘাটে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী, আদিবাসী পরিবার এবং ক্যান্সার ও কিডনি রোগীদের মধ্যে অনুদানের চেক এবং ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
অনুষ্ঠানে ২০২ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা, ৬৪জন আদিবাসী পরিবার ও শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে এবং ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত ১১জনকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়। এছাড়াও ৬০জন ছাত্রীর মধ্যে সাইকেল বিতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রুবানা তানজিন, বিরামপুর ও নবাবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হারেজ উদ্দিন, ঘোড়াঘাট থানার ওসি মো. শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক, উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।