স্বৈরাচার আমলের গুমের আলোকচিত্র নিয়ে মায়ের ডাকের প্রদর্শনী
সংগৃহীত ছবি
গুমের শিকার ব্যক্তিদের পরিবারের নানা মুহূর্তের পাশাপাশি তাঁদের দীর্ঘ অপেক্ষা, বেদনা ও অনিশ্চয়তার চিত্র ক্যামেরার ফ্রেমে তুলে ধরেছেন আলোকচিত্রী জীবন আহমেদ ও মোশফিকুর রাহমান জোহান।
আর তাদের সেসব আলোকচিত্র নিয়ে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে
শুরু হয়েছে "যতদিন না তারা ফিরছে" শীর্ষক আটদিনব্যাপী বিশেষ প্রদর্শনী।
এই প্রদর্শনীর আয়োজন করেছে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’।
গতকাল শনিবার জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে এই প্রদর্শনীর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একসময় গুমের শিকার হওয়া
নিজের অভিজ্ঞতা তুলে ধরে সালাহউদ্দিন আহমেদ বলেন, গুমের শিকার ব্যক্তিদের গত দুই বছর অবজ্ঞা ও তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে। তাঁদের নিয়ে ‘অপসংস্কৃতি’ চর্চা করা হয়েছে, যা দুঃখজনক।
তিনি আরো বলেন, গুম হওয়া ব্যক্তিদের মধ্যে তিনি ও হুম্মাম কাদের বেঁচে আছেন। তাঁরা জানতেন না শেষ পর্যন্ত বেঁচে থাকবেন কি না। গুমের শিকার ব্যক্তিদের বেঁচে থাকা নিয়েও হাস্যরস করা ভবিষ্যতের গণতান্ত্রিক আন্দোলনকে হতাশাগ্রস্ত করবে বলেও মন্তব্য করেন তিনি।
মায়ের ডাকের অন্যতম সমন্বয়ক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি জানান, গুমের শিকার আটটি পরিবারের সদস্যরা ২০১৪ সালের ফেব্রুয়ারিতে ‘মায়ের ডাক’ গড়ে তোলেন।
প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। ৫ সেপ্টেম্বর শেষ হবে আটদিনের এই প্রদর্শনী।