মাদক-বালুর বিরোধে পরশুরামে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬
প্রতীকী ছবি
ফেনীর পরশুরামে মাদক চোরাচালান ও অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে যুবদল ও শ্রমিক দলের দুই নেতার অনুসারীদের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট ) দুপুরে মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর সীমান্ত ও বটতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সীমান্ত দিয়ে মাদক চোরাচালান এবং মুহুরী নদীসহ বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন ও মির্জানগর ইউনিয়ন শ্রমিক দলের নেতা শাহ আলমের অনুসারীদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল।
এরই জেরে শনিবার দুপুরে মধ্যম রাঙ্গামাটিয়া সীমান্ত এলাকায় মাদক বহনের অভিযোগে সাইফুল ইসলাম ইকরাম, শামীম ও রিয়াজের পথরোধ করেন অপর পক্ষের ফারুক, হাসান ও রাজু। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। পরে আহত শামীম ও রিয়াজ বটতলী বাজারে গেলে সেখানে ফের সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে মির্জানগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ইকরাম (৩২) গুরুতর আহত অবস্থায় পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মো. হোসেন (২১) ও মো. ওমর ফারুক (২৭) বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আরএমও ডা. ইফতেখার হাসান ভূঁইয়া।
ঘটনার পর বটতলী বাজারের একটি বিএনপি কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। তবে মির্জানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ খন্দকার বলেন, বটতলী বাজারে বিএনপির নিজস্ব কোনো কার্যালয় নেই; ব্যক্তির নামে কোনো অফিস থাকতে পারে।
এ ঘটনায় দুই পক্ষই পালটাপালটি অভিযোগ করেছে। জাকির হোসেনের দাবি, পূর্বশত্রুতার জেরে তার অনুসারীদের ওপর হামলা হয়েছে। অন্যদিকে শাহ আলমের দাবি, সীমান্ত দিয়ে মাদক নিয়ে আসার সময় বাধা দেওয়াকে কেন্দ্র করে তাদের লোকজনের ওপর হামলা চালানো হয়।
পরশুরাম মডেল থানার ওসি মো. আশ্রাফুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।