শিবালয়ে ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মতিউর, সম্পাদক তারেক

শিবালয়ে ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মতিউর, সম্পাদক তারেক

ফাইল ছবি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের ৬৯ বছরের পুরনো ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাবে’র (ইউএফসি) নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মতিউর রহমানকে সভাপতি, আকরাম হোসেন তারেককে সাধারণ সম্পাদক এবং পলাশ সরকারকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় শিবালয় উপজেলা মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সহিজউদ্দিন আদুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত শতাধিক সদস্য তাদের অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেন। পরবর্তীতে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আলোচনা সাপেক্ষে পূর্ণাঙ্গ কমিটির বাকি সদস্যদের মনোনীত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

দীর্ঘদিন ধরে এই সামাজিক সংগঠনটির নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়া ও সামাজিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি ক্রীড়া, সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।