নওগাঁয় ৮১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী - স্ত্রী গ্রেফতার
ছবিঃ সংগৃহীত।
নওগাঁর পত্নীতলায় চিহ্নিত মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮১৭ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
রবিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। এর আগে, শনিবার রাতে উপজেলার দেওয়ালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে ওই দম্পতিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পত্নীতলা উপজেলার দেওয়ালকুড়ি (রামরামপুর) গ্রামের মৃত এরফান আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪০) ও তার স্ত্রী মোছা. ডলি খাতুন (৩৫)।
পুলিশ জানায়, শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানা পুলিশের একটি দল দেওয়ালকুড়ি এলাকায় তাদের বসতঘরে অভিযান চালায়।এ সময় ঘরে তল্লাশি চালিয়ে ৮১৭ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। পরে মাদক কারবারের অভিযোগে সিরাজুল ইসলাম ও তার স্ত্রী ডলি খাতুনকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, গ্রেফতারকৃত এই দম্পতি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের পাইকারি কারবারের সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ রয়েছে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলাজুড়ে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।এ ঘটনায় গ্রেফতারকৃত স্বামী-স্ত্রীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।আজ রবিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।