নিখোঁজের একদিন পর ধানক্ষেতে মিললো কৃষকের লাশ

নিখোঁজের একদিন পর ধানক্ষেতে মিললো কৃষকের লাশ

প্রতিকি ছবি

রাজশাহীর তানোরে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে রসুল মণ্ডল (৬০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তানোর পৌর এলাকার গোকুল মহল্লার একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রসুল মণ্ডল গোকুল গ্রামের মৃত লকি মণ্ডলের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে গ্রামের মোড়ে চা খেতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রসুল মণ্ডল।

এরপর আর বাড়িতে ফেরেননি তিনি। পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, হয়তো কোথাও গেছেন। কিন্তু পরদিন শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গ্রামের এক ব্যক্তি ওই জমিতে ঘাস কাটতে গিয়ে ধানক্ষেতে রসুলের লাশ পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি তার পরিবার ও পুলিশকে জানান।

খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। রবিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের ছেলে আতাউর মণ্ডল বলেন, আমরা এক ভাই ও দুই বোন। সবারই বিয়ে হয়ে গেছে।

আমার মা প্রায় পাঁচ বছর আগে মারা গেছেন। বাবা আমার বাড়িতেই থাকতেন। শুক্রবার সকালে গ্রামের মোড়ে চা খেতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর ফেরেননি। সন্ধ্যার পর গ্রামের লোকজনের কাছে লাশ পাওয়ার খবর জানতে পারি।

তিনি আরও বলেন, যে জমিতে তার বাবার লাশ পাওয়া গেছে, সেটি এ বছর গ্রামের এবারত নামের এক ব্যক্তির কাছ থেকে বর্গা নিয়ে রসুল মণ্ডল ধান চাষ করেছিলেন। ফসলের পরিচর্যার জন্য তিনি মাঝে মাঝে ওই জমিতে যেতেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তারা জানেন না।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। রবিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে রসুল মণ্ডল অসুস্থ ছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।