সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান বিদেশি আইনজীবী
ফাইল ছবি
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান এক বিদেশি আইনজীবী। গ্রায়াম এল হল নামের ওই আইনজীবী ইতোমধ্যে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন।
গত ১৪ আগস্ট পাঠানো তার চিঠিটি রবিবার (৩০ আগস্ট) বাংলাদেশ বার কাউন্সিলে দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী।
বার কাউন্সিলের সচিবের কাছে পাঠানো চিঠিতে গ্রায়াম হল আসামি সালমান এফ রহমানের পক্ষে স্থানীয় আইনজীবীদের সঙ্গে একজন বিদেশি আইনজীবী হিসেবে ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার অনুমতি চেয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার বলেন, “চিঠি সংশ্লিষ্ট শাখা হয়ে আমার কাছে এখনো আসেনি। চিঠি হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালমান এফ রহমানের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা রয়েছে। গত ১২ জানুয়ারি সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এই মামলায় তার সঙ্গে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পরপরই গ্রেপ্তার হয়ে এখন কারাগারে রয়েছেন সালমান এফ রহমান ও আনিসুল হক।