মানিকগঞ্জে শ্বাসরোধ করে চাকুর আঘাতে গৃহবধূকে হত্যা
সংগৃহীত ছবি
পরকীয়া সম্পর্কে টানাপোড়েনের জেরে মানিকগঞ্জের সাটুরিয়ায় ডেকে নিয়ে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে আফসার উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি ওই নারীকে নির্জন ফসলের মাঠে নিয়ে কাপড়ের আঁচল দিয়ে শ্বাসরোধ করে ধারালো চাকু দিয়ে আঘাত করে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর পল্লবীর বাউনিয়া বাঁধ থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার বিকালে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।
গ্রেফতার আফসার উদ্দিন সাটুরিয়া উপজেলার মেশলোহা এলাকার মৃত ফয়জুদ্দিনের ছেলে। তিনি রাজধানীর পল্লবী ২২ নম্বর রোডে ভাড়া থাকতেন। নিহত লাইলী বেগম পাবনা সদর উপজেলার বাহাদুরপুর এলাকার নুরুল ইসলামের স্ত্রী। তিনিও রাজধানীর মিরপুর মডেল থানার সেনপাড়া রোডে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় লাইলীকে সাটুরিয়ার চর ধাককোড়া এলাকায় একটি ফসলের মাঠে নিয়ে যান আফসার। সেখানে হত্যার পর পালিয়ে যান তিনি। রোববার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাইলীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মেয়ে বৃষ্টি আক্তার সাটুরিয়া থানায় হত্যা মামলা করেছেন।
পুলিশ সুপার সারওয়ার আলম বলেন, লাশ উদ্ধারের পর হত্যার রহস্য উদ্ঘাটন ও আসামিকে গ্রেফতারে গোয়েন্দা ও থানা পুলিশ কাজ শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার রাতে ঢাকার পল্লবীর বাউনিয়া বাঁধ এলাকায় অভিযান চালানো হয়। সেখানে একটি ভাড়া বাসা থেকে আফসারকে গ্রেফতার করা হয়।
সাটুরিয়া থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান, সোমবার বিকালে আফসার উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।