গায়ক হত্যার তিন দশক পর গ্যাং লিডার দোষী সাব্যস্ত

গায়ক হত্যার তিন দশক পর গ্যাং লিডার দোষী সাব্যস্ত

ছবি: সংগৃহীত

মার্কিন হিপ-হপ কিংবদন্তি টুপাক শাকুরের হত্যাকাণ্ডের প্রায় তিন দশক পর রহস্যের অবসান ঘটল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মূল অভিযুক্ত ড্রুয়েন ‘কেফে ডি’ ডেভিসকে দোষী সাব্যস্ত করেছে লাস ভেগাসের একটি জুরি বোর্ড। অভিযুক্ত আসামি সাউথ সাইড কম্পটন ক্রিপস গ্যাংয়ের সাবেক প্রধান। আগামী ১৩ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। 

১৯৯৬ সালের ৭ সেপ্টেম্বর রাতে ঘটনাটি ঘটে। মাত্র ২৫ বছর বয়সে লাস ভেগাসের রাস্তায় হত্যার শিকার হন টুপাক। সেদিন একটি গাড়িতে বসে থাকা অবস্থায় তাকে লক্ষ্য করে একের পর এক গুলি চালানো হয়। ওই রাতে এমজিএম গ্র্যান্ড ক্যাসিনোতে মাইক টাইসনের বক্সিং খেলা দেখতে গিয়েছিলেন টুপাক। খেলা শেষে তিনি রেকর্ড লেবেল ‘ডেথ রো রেকর্ডস’-এর প্রতিষ্ঠাতা ম্যারিয়ন সুজ নাইটকে সঙ্গে নিয়ে গাড়িতে করে ফিরছিলেন। পথিমধ্যে গুলি করে পালিয়ে যায় হামলাকারীরা।

আইনজীবীরা আদালতকে জানান, বক্সিং খেলার সময় টুপাকের লোকজনের সঙ্গে ডেভিসের ভাগ্নে অরল্যান্ডো ‘বেবি লেন’ অ্যান্ডারসনের হাতাহাতি হয়েছিল। মারধরের ঘটনার প্রতিশোধ নিতে টুপাককে হত্যার পরিকল্পনা করা হয়েছিল।

হামলার সময় ডেভিস নিজে গুলি চালাননি বলে জানা যায়। তবে সরকারি আইনজীবীদের দাবি, তিনি হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন। এমনকি অস্ত্রে জোগাড়ও তিনি দিয়েছিলেন। নেভাডা রাজ্যের আইন অনুযায়ী, কেউ যদি সরাসরি খুন না করেও কোনো হত্যাকাণ্ডের পরিকল্পনায় সহযোগিতা করেন, তবে তাঁকেও সমান অপরাধী হিসেবে গণ্য করা হয়।

মামলার শুনানিতে ডেভিসের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হিসেবে কাজ করে তাঁর স্বীকারোক্তি। আইনজীবীরা আদালতে বেশ কিছু অডিও ও ভিডিও রেকর্ড পেশ করেন, যেখানে ডেভিস নিজেই গর্বের সঙ্গে তাঁর সম্পৃক্ততার কথা স্বীকার করেছিলেন। এ ছাড়া ২০১৯ সালে প্রকাশিত ‘কম্পটন স্ট্রিট লিজেন্ড’ বইয়ে হামলার ঘটনা বিস্তারে লেখা ছিল।

অন্যদিকে ডেভিসের আইনজীবীর দাবি, টাকার লোভে গালগল্প লিখেছিলেন তিনি। এছাড়া ঘটনাস্থলে তাঁর মক্কেলের উপস্থিতির সপক্ষে কোনো শক্ত ফরেনসিক প্রমাণ নেই বলেও দাবি করে অভিযুক্তর আইনজীবী। জানা গেছে, ডেভিস রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।